ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিডিউল পরিবর্তনের কারণে ফাইজারের টিকার চালানটি আসছে না আজ

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণগতির লাগাম কষতে সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে সরকার। ফলে বিভিন্ন উৎস থেকে দেশে আসছে করোনা প্রতিরোধী টিকা। এরই ধারাবাহিকতায় আজ যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা ছিল। তবে শিডিউল পরিবর্তনের কারণে টিকার চালানটি আজ আসছে না।


আগামী বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। এ ছাড়া চীনের ২০ লাখ টিকাও আজ আসবে কিনা সেটি নিশ্চিত নয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সোমবার (৩০ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল, তা আজ না এসে আগামী বুধবার দেশে পৌঁছাবে। এ ছাড়া আজ রাত আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কিনা সেটিও পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার আসার কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার টিকাগুলো গ্রহণ করবেন বলেও জানানো হয়েছিল।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো এটি ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে এসেছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑